দুমকি (পটুয়াখালী) | ০৩ ডিসেম্বর ২০২৫ — পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) এবং পরিবার কল্যাণ সহকারীরা (FWA) দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী পরিবার পরিকল্পনা কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাদের দাবি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ মাতৃত্ব সেবা, নবজাতক পরিচর্যা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি কর্মসূচি এবং টিকাদানসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের মূল কাজগুলো তারা বহু বছর ধরে সফলভাবে পরিচালনা করে আসছেন। তবুও স্থায়ী কোনো নিয়োগবিধি না থাকায় তারা চরম হতাশায় ভুগছেন।
মানববন্ধনে বক্তারা জানান, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি তাদের ন্যায্য ও মৌলিক অধিকার, যা অবিলম্বে কার্যকর করতে হবে। অন্যথায় ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া নিয়োগবিধি বাস্তবায়ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন—
মোহাম্মদ মাইনুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক (আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন)
আসমা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পাঙ্গাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. শামসুজ্জামানের মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা আশঙ্কা করছেন, কর্মবিরতির কারণে পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান ও মাতৃস্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
জাকির হোসেন হাওলাদার 



























